
বছর তিনেক আগে গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা হওয়ার পর প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মিরপুর শেরেবাংলা আমার প্রিয় মাঠ। সুনির্দিষ্ট কোনো কারণ নেই, এই মাঠে নামলেই মনে হয় মাঠটি আমার।’
মনের ব্যাপারটি এখন আনুষ্ঠানিকভাবেই দাবি করতে পারেন সাকিব আল হাসান। এই মাঠেই যে গড়লেন অনন্য এক কীর্তি! শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবচেয়ে বেশি রানের রেকর্ড অনেক আগে থেকেই তাঁর। কাল হয়ে গেল এই মাঠে সবচেয়ে বেশি উইকেটও। একই মাঠে সবচেয়ে বেশি রান ও সর্বোচ্চ উইকেট নেই ক্রিকেট ইতিহাসের আর কারও। সাকিব এখন সত্যিই বলতে পারেন, ‘এই মাঠ আমার!’
২ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে শেরেবাংলায় সাকিবের রান কালকের পর ১৮২৪। দুইয়ে থাকা তামিম (১৫০৩) ও তিনে থাকা মুশফিক (১৪৩১) অনেকটাই পেছনে। সর্বোচ্চ উইকেট অবশ্য কালকের আগেও ছিল সাকিবের, তবে আবদুর রাজ্জাকের (৭৫) সঙ্গে যৌথভাবে। দাবিটা তাই জোরালো ছিল না ততটা। কাল ব্রেন্ডন টেলরের উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন রাজ্জাককে।
কোনো এক মাঠে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডে সাকিবের ওপরে আছেন মাত্র তিনজন। একসময় শারজায় এত বেশি ওয়ানডে হতো, আর সেসব টুর্নামেন্টে পাকিস্তান ও শ্রীলঙ্কা এত বেশি খেলত যে রেকর্ডে তাদের জয়জয়কার অবধারিতই ছিল। শারজায় ১২২ উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম, ১১৪টি ওয়াকার ইউনিস। এখানেই মুত্তিয়া মুরালিধরন নিয়েছেন ৮২টি।
ম্যাচ ফিক্সিংয়ের স্বর্গ হিসেবে নাম ছড়িয়ে পরার পর শারজায় এখন আর আগের মতো ওয়ানডে হয় না। আর বাংলাদেশ মিরপুরে খেলে নিয়মিতই। মুরালিধরন তো বটেই, একদিন ওয়াকার-ওয়াসিমকেও ছাড়িয়ে যাওয়া সাকিবের পক্ষে খুবই সম্ভব!